২০২৬ ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ‘দ্য মোজো পডকাস্ট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক—এটাই তার প্রত্যাশা। তবে এই সমর্থনের পেছনে লিওনেল মেসি নন, বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই রয়েছেন বলে স্পষ্ট করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
ইসরাইলি কমেডিয়ান বেন বেন বারুচ সঞ্চালিত ওই পডকাস্টের একটি অংশ গত বৃহস্পতিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে উপস্থাপক জানতে চান, আর্জেন্টিনার প্রতি তার সমর্থনের কারণ কি মেসি? জবাবে নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে বলেন, ‘না, মেসির কারণে নয়। বরং দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কারণে। তিনি একজন সুপারস্টার।’
নেতানিয়াহু আরও বলেন, ‘তিনি সত্যিই একজন তারকা। মুক্ত অর্থনীতির নীতি গ্রহণের মাধ্যমে তিনি তার সক্ষমতার প্রমাণ দিয়েছেন। পাশাপাশি তিনি ইসরাইলের একজন ঘনিষ্ঠ বন্ধু।’
এদিকে শিরোপাধারী আর্জেন্টিনা চলতি বিশ্বকাপেও দারুণ ছন্দে রয়েছে। ইতোমধ্যে দলটি কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আগামীকাল রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

