রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর সাংবাদিক সাকিবুল হাসান। তারা দুজনই উত্তরা প্রেস ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন। সাকিবুল হাসান ক্লাবটির অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য উত্তরা প্রেস ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। পথে জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর দুই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

