গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় একটি সাততলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। ওই তলায় প্রিমিয়ার ব্যাংকসহ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত হয়। আগুনের খবর পাওয়ার পর ভোগড়া বাইপাস ফায়ার স্টেশন ও টঙ্গী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে। টানা প্রচেষ্টার পর সকাল ৭টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরণ মিয়া জানান, আগুন লাগার পর দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধার এবং নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

