নরসিংদীর শিবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাফিজ ও স্বাধীন। তারা দুজনেই স্থানীয় আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবারের এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাফিজ ও স্বাধীন। পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে শিবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া জানান, নিহত দুইজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

