পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে। একই সঙ্গে তিনি আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা কারাবরণ করেছেন, গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদ আবু সাঈদসহ আন্দোলনে নিহত ও আহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ এই দেশের সমান নাগরিক। দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য বাংলাদেশে বিদ্যমান, তা ভবিষ্যতেও অটুট রাখতে হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে ঘোষিত ইশতেহারে ‘রংধনু বাংলাদেশ’-এর যে ধারণা তুলে ধরা হয়েছে, তার মূল ভিত্তি হলো ধর্ম, জাতি ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
বিএনপির অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, দলটি ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বিভেদ বা বৈষম্যে বিশ্বাস করে না। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

