জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ (শনিবার, ১৮ জুলাই) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
প্রেস সচিব সালেহ শিবলী জানান, নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নে বিএনপি সরকার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। গত পাঁচ মাসে সরকারের বিভিন্ন কার্যক্রম এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, জনগণকে ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এছাড়া, সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

