মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি।
শনিবার (১৮ জুলাই) ফরিদপুর শহরতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার’স অফিস, ফরিদপুরের আওতাধীন ৮৭টি শাখার শাখা ব্যবস্থাপক, পাঁচটি প্রিন্সিপাল অফিসের মানিলন্ডারিং কর্মকর্তা এবং জেনারেল ম্যানেজার’স অফিসের নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার’স অফিস, ফরিদপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. তানজিমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রতিটি ব্যাংক কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্কতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং সন্দেহজনক লেনদেন দ্রুত শনাক্ত ও রিপোর্ট করার মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে মো. তানজিমুল ইসলাম বলেন, গ্রাহক পরিচিতি (কেওয়াইসি), ঝুঁকিভিত্তিক গ্রাহক মূল্যায়ন এবং মানিলন্ডারিং প্রতিরোধসংক্রান্ত নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সোনালী ব্যাংকের সুনাম ও আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং অ্যান্ড টেররিজম ফাইন্যান্সিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার বিশ্বাস মোহাম্মদ মীজানুর রহমান এবং একই বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রামপ্রসাদ দাস। তারা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহক পরিচিতি (KYC), গ্রাহকের ঝুঁকি মূল্যায়ন, সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ, রিপোর্টিং পদ্ধতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আয়োজকরা জানান, ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে। এর মাধ্যমে কর্মকর্তারা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। কর্মশালায় সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

