ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে তাঁর কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শুক্রবার (১৭ জুলাই) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনটির নেতারা। পরে দক্ষিণপাড়ায় অবস্থিত সাজিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সাজিদ আব্দুল্লাহর বাবা মাওলানা আহসান হাবিবুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, মিজানুর রহমান, হল শাখা সভাপতি নাহিদ হাসানসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শাখা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। হত্যার এক বছর পেরিয়ে গেলেও বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা উদ্বিগ্ন। তিনি বলেন, আগের রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহানুভূতিশীল হওয়া উচিত এবং পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল-সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত-পরবর্তী ভিসেরা প্রতিবেদনে তাঁর মৃত্যু শ্বাসরোধে হত্যাকাণ্ডের ফল বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

