জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মাহমুদুল হাসান রিজভীসহ সকল শহিদকে স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, কোষাধ্যক্ষ রাহাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সবুজ, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, বিজ্ঞানবিষয়ক সম্পাদক মো. সবুজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোমবাতি প্রজ্বলন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি নুর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মাহমুদুল হাসান রিজভীসহ যাঁরা ২০২৪ সালের আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্বপ্ন ও প্রত্যাশা বাস্তবায়নে ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, সংগঠনটি এমন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী, যেখানে ধর্ম, বর্ণ ও পরিচয় নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবেন। একই সঙ্গে তিনি একটি সমাজতান্ত্রিক, প্রগতিশীল, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, শহিদ মাহমুদুল হাসান রিজভী ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। তিনি উত্তরা থানা শাখা ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন।

