মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সনে হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ব্যবহারকারীদের অভিযোগ, তারা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। এছাড়া ওয়েবসাইট লোড হতে বিলম্ব, নিউজ ফিড আপডেট না হওয়া এবং বিভিন্ন ফিচার ব্যবহারেও বিঘ্ন ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ বিভ্রাটের বিষয়টি তুলে ধরেছেন।
বিভিন্ন প্রযুক্তি পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম, বিশেষ করে ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবায় সমস্যা নিয়ে ব্যাপক অভিযোগ জমা পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, যা সম্ভাব্য বৈশ্বিক প্রযুক্তিগত বিভ্রাটের ইঙ্গিত দিচ্ছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

