রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজের যৌথ দল।
রোববার (১৯ জুলাই) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফলের ক্যারেটের ভেতর থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিঙ্ক (Food Link)। চালানটির এয়ারওয়ে বিল (Air Waybill) নম্বর ১৬০১২৭৪০০৯২। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ প্রাথমিকভাবে অন্তত ১৬ কেজি বলে নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য চোরাচালান চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

