রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারে থাকা অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত নিখোঁজ দুইজনের সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

