পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দীর্ঘ ১৭ বছর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত ছিল এবং বিরোধী নেতাকর্মী ও সাধারণ মানুষকে নানা ধরনের নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। তবে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের পর সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এবং সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজিত ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তাঁর বাবা প্রয়াত কে এম ওবায়দুর রহমানও দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করেছেন। সেই আদর্শ অনুসরণ করে গত ১৭ বছর তিনি জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন। আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং সেই দায়িত্ব পালনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে অপরাধ ও সামাজিক অবক্ষয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, স্থানীয় বিরোধ, জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্ব ও সামাজিক সংঘাত নিরসনে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা জরুরি। জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এছাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে দিনব্যাপী সফরের অংশ হিসেবে শামা ওবায়েদ নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাসুদুর রহমানের বাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ডা. মাসুদুর রহমানের ভাতিজা ও নাতির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

