প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে তথ্য সংগ্রহ ও যাচাইবাছাই জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা-সংক্রান্ত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা নিশ্চিত করা। এজন্য একটি নির্ভরযোগ্য, সমন্বিত ও হালনাগাদ তথ্যভাণ্ডার গড়ে তোলা জরুরি। তিনি সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ, যাচাইবাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

