নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে মো. আলাউদ্দিন রায়হান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে এবং আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি আগে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ থেকে ছয় মাস আগে বিয়ে করেন।
জানা গেছে, রোববার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ম্যাচ উপভোগ করেন রায়হান। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি রায়হানকে ঘরের ভেতর অচেতন অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা পাওয়ার কথা ছিল।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

