মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকারী রাজপথে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সকাল থেকেই আন্দোলনকারীরা সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে একাধিক স্থানে স্থাপিত নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। উত্তেজনা বাড়তে থাকলে সিজেপির পক্ষ থেকে সমর্থকদের শান্ত ও অহিংস থাকার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দলটি জানায়, বিভিন্ন স্থানে বাধার মুখে পড়লেও সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে এবং শান্তি ও ভালোবাসার পথেই আন্দোলন চালিয়ে যেতে হবে।
এর আগে রোববার (১৯ জুলাই) দিল্লি পুলিশ পদযাত্রার অনুমতি বাতিল করে এবং সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। একই সঙ্গে এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বার্তায় পুলিশ জানায়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

