নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. ইউনুস আলী নামে এক পুলিশ সদস্যকে (নায়েক) ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইউনুস আলী চুনাভূড়া এলাকার চান শরীফ চৌকিদারের ছেলে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, তিনি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় যোগদানের প্রস্তুতির জন্য ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ছুটিতে থাকা অবস্থায় বাড়ির আশপাশে ঘুরতে বের হলে তিনি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিনকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখেন। এ সময় তিনি মাদক বিক্রিতে বাধা দিলে তুহিন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইউনুস আলীর গলায় আঘাত করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত তুহিনসহ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

