বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বজুড়ে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা চিলির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে ব্যাপক প্রশংসা কুড়ান।
শুক্রবার কোলো কোলো তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছে, “স্বাগতম। আমরা আপনার জন্য অপেক্ষা করছি।” ঘোষণাটি প্রকাশের পর ক্লাবটির সমর্থকদের পাশাপাশি চিলির ফুটবল অঙ্গনেও ব্যাপক সাড়া পড়ে।
ক্লাবটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্লাঙ্কো ই নেগ্রোর সভাপতি আনিবাল মোসা জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকা ভোজিনহা আগামী কয়েক দিনের মধ্যেই চিলিতে পৌঁছাবেন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভোজিনহার সঙ্গে কোলো কোলোর চুক্তির মেয়াদ ১৮ মাস।
জোসিমার দিয়াস, যিনি ভোজিনহা নামে পরিচিত, বিশ্বকাপে কেপ ভার্দেকে অসাধারণ নেতৃত্ব দেন। তার দুর্দান্ত গোলকিপিংয়ে দলটি নকআউট পর্বে জায়গা করে নেয়। তবে রাউন্ড অব ৩২-এ অতিরিক্ত সময়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় কেপ ভার্দে।
বিশ্বকাপে স্মরণীয় পারফরম্যান্সের সুবাদে ভোজিনহার জনপ্রিয়তাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ৫০ হাজারেরও কম থাকলেও বর্তমানে তা বেড়ে প্রায় ২৯ মিলিয়নে পৌঁছেছে।
সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, ভোজিনহার এই দলবদলকে চিলির ক্লাব ফুটবলের অন্যতম আলোচিত ট্রান্সফার হিসেবে দেখা হচ্ছে।

