২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের হতাশা কাটিয়ে ক্লাব ফুটবলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ’তে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে সান্তোসের হয়ে দুটি গোলই করেন তিনি। যদিও তার জোড়া গোল দলকে জয় এনে দিতে পারেনি, তবু পারফরম্যান্স ও ব্যতিক্রমী গোল উদযাপন নিয়ে ম্যাচজুড়ে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
উরবানো ক্যালডেরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন নেইমার। পুরো ম্যাচে তিনি ৯টি শট নেন, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। গোল করার পাশাপাশি একাধিক সুযোগও তৈরি করেন সতীর্থদের জন্য।
ম্যাচের ৩৬তম মিনিটে আলভারো বাররিয়ালের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস বিনিময়ের পর নিখুঁত ফিনিশে প্রথম গোলটি করেন নেইমার। তবে গোলের চেয়ে বেশি আলোচনা হয় তার উদযাপন নিয়ে। পরিচিত মুখভঙ্গির পর তিনি পোকার খেলার প্রতীকী হাতের ভঙ্গি প্রদর্শন করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দেয়।
ম্যাচের ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। শেষ পর্যন্ত প্রতিপক্ষও সমতায় ফিরলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সান্তোসকে।
নেইমারের এই উদযাপনকে অনেকে তার সাম্প্রতিক পোকার বিতর্কের সঙ্গে যুক্ত করছেন। সম্প্রতি কোপা সুদামেরিকানার একটি ম্যাচে দলে না থাকলেও ছুটির দিনে তিনি সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার—ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের একটি পর্বে অংশ নেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের ফর্মের জানান দিলেও বিতর্কিত উদযাপনের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নেইমার।

