চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলন্ত একটি ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিজয় টিভির চট্টগ্রামের সাবেক ব্যুরো প্রধান এবং বর্তমানে দৈনিক প্রিয় সময়-এর প্রকাশক ও সম্পাদক এস. এম. শহীদুল্লাহ রনি (৪৬)। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা কি না এবং এর পেছনে পূর্বশত্রুতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলার ইছাপুর চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, এস. এম. শহীদুল্লাহ রনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদরখীল এলাকার প্রবীণ বিএনপি নেতা এস. এম. শফিউল্লাহর ছেলে। তিনি একসময় বিজয় টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে দৈনিক প্রিয় সময়-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাউজানে একাধিক ইটভাটা ও চট্টগ্রাম নগরীতে আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
ভুক্তভোগী এস. এম. শহীদুল্লাহ রনি জানান, মঙ্গলবার রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে চট্টগ্রাম নগরী থেকে রাউজানে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। হাটহাজারীর ইছাপুর চারাবটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ির সামনে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি গাড়ির লাইট বন্ধ করে নিচু হয়ে যান। এ সময় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী তার গাড়ির পেছনের আসন লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, গুলিগুলো গাড়ির এক পাশ ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। সেদিন নিয়মিত চালকের পরিবর্তে তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। হামলাকারীরা সম্ভবত ধারণা করেছিল তিনি পেছনের আসনে বসে আছেন। এ কারণে পেছনের সিট লক্ষ্য করেই গুলিবর্ষণ করা হয়। চালকের আসনে নিচু হয়ে থাকায় তিনি প্রাণে রক্ষা পান।
ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে হাটহাজারী সার্কেলের সহকারী (অতিরিক্ত) পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী (অতিরিক্ত) পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বা পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। হামলার প্রকৃত উদ্দেশ্য, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং এটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

