সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার গৌরবময় ১২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৫ জুলাই রাজধানীর সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোখতার হোসেন গাজী এবং প্রকৌশলী মো. হানিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দিন প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম সাদ্দাম। এতে পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি এবং দৈনিক দিন প্রতিদিন পরিবারের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘ এক যুগ ধরে দৈনিক দিন প্রতিদিন সাহসিকতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থা অর্জন করেছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি ভবিষ্যতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটা, সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। প্রাণবন্ত এ আয়োজনে উপস্থিত অতিথিরা দৈনিক দিন প্রতিদিন-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

