বাল্যবিবাহ, মাদক ও মোবাইল আসক্তির বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে ফরিদপুরের পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম।
মঙ্গলবার (২৮ জুলাই) সদর উপজেলার ভাঙ্গি ডাঙ্গী গ্রামের মোতালেব হোসেন উচ্চ বিদ্যালয় এবং মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামসহ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক, বাল্যবিবাহ ও মোবাইল আসক্তির বিরুদ্ধে সচেতন থেকে নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকেও উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
এর আগে মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক। কেন্দ্রটির জনবল সংকট দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে জানিয়ে তিনি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান।
বিকেলে মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোতালেব হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারে বিভিন্ন দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়। এছাড়া দুর্গম চরাঞ্চলের ১০ জন শিক্ষার্থীর যাতায়াত সহজ করতে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের ছাত্রীদের জন্য একটি কমন রুম উদ্বোধনও করা হয়।
পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা রোপণ করেন।

