শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)-এর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইউনেস্কোর ধারাবাহিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি এবং সম্প্রতি টাঙ্গাইল শাড়ির বয়নশিল্পকে ইউনেস্কোর ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-তে অন্তর্ভুক্তিকে এ সম্পর্কের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তরুণদের ক্ষমতায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্য অর্জনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ প্রদানের মাধ্যমে সম্ভাব্য অভিবাসী কর্মীদের দক্ষতা উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পারস্পরিক সুবিধাজনক সময়ে ইউনেস্কোর মহাপরিচালককে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে সরকার প্রস্তুত রয়েছে। উভয় পক্ষই ভবিষ্যতে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেন।

