সিলেট বিভাগে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রাণঘাতী এ রোগে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের গত সাত মাসে সিলেট বিভাগে সন্দেহভাজন ও পরীক্ষাগারে নিশ্চিত মিলিয়ে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া শিশুটি গোয়াইনঘাট উপজেলার শাহপুর এলাকার আব্দুল হামিদের এক বছর ১১ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ আল আদিল। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৩ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮৬ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২১৩ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত), মৌলভীবাজারে ৩৩ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩২৭ জন শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৪ জন সন্দেহভাজন এবং ৬ জন পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগী।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

