স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে অনেকে ব্যক্তিস্বার্থে ব্যবসা করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জুলাই আন্দোলোকেও যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন। জুলাই নিয়েও যেন কেউ ব্যবসা করতে না পারে। জুলাইয়ের চেতনার উৎসবিন্দু হলো স্বাধীনতা।’
তিনি আরও বলেন, দেশের ইতিহাসে যখনই অন্যায়, বৈষম্য ও নিপীড়ন মানুষের ওপর নেমে এসেছে, তখনই স্বাধীনতার চেতনা নতুন শক্তিতে জেগে উঠেছে। জনগণের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় স্বাধীনতার আদর্শই সব সময় পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতার চেতনা ও জুলাইয়ের আদর্শকে সঠিকভাবে ধারণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

