প্রিয় মানুষকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও বিশেষ অনুভূতির কথা জানানোর উপলক্ষ হিসেবে আজ বিশ্বজুড়ে অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে জাতীয় প্রেমিকা দিবস। প্রতি বছর ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক এই দিবসটি উদযাপন করা হয়। তবে দিবসটির কোনো সরকারি বা আন্তর্জাতিক স্বীকৃতি নেই।
জানা যায়, ২০০৬ সালের দিকে জাতীয় প্রেমিকা দিবসের প্রচলন শুরু হয়। পরে ২০১৪ সালের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভিন্ন দেশে দিবসটি আরও পরিচিতি পেতে থাকে। সম্পর্ককে আরও মজবুত করা এবং প্রিয় সঙ্গীকে আনন্দ দেওয়ার জন্য দিনটি হতে পারে একটি বিশেষ উপলক্ষ।
এ বছর ১ আগস্ট শনিবার হওয়ায় সপ্তাহান্তের ছুটিতে প্রিয় মানুষটির সঙ্গে বিশেষ সময় কাটানোর সুযোগ রয়েছে। এজন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই; ছোট ছোট আন্তরিক উদ্যোগেই দিনটি হয়ে উঠতে পারে স্মরণীয়।
পিকনিকের আয়োজন: ক্যাফে কিংবা ক্যান্ডেললাইট ডিনারের পরিবর্তে কাছাকাছি কোনো পার্ক, লেকের পাড় বা মনোরম স্থানে ছোট্ট পিকনিকের আয়োজন করা যেতে পারে। সঙ্গে হালকা নাস্তা, স্যান্ডউইচ, ফল, পছন্দের পানীয় ও দুজনের পছন্দের গানের প্লেলিস্ট রাখলে তৈরি হবে সুন্দর পরিবেশ।
নিজ হাতে রান্না: রেস্তোরাঁয় যাওয়ার পরিবর্তে ঘরেই সঙ্গীর পছন্দের খাবার রান্না করা যেতে পারে। চাইলে দুজন মিলে রান্না করেও আনন্দময় সময় কাটানো সম্ভব। নিজের হাতে তৈরি খাবারের আন্তরিকতা দিনটিকে আরও বিশেষ করে তুলতে পারে।
ক্যাফে ডেট: ব্যস্ততার কারণে বড় কোনো পরিকল্পনা করা সম্ভব না হলে শহরের নতুন কোনো ক্যাফেতে ঘুরে আসতে পারেন। কফি, ডেজার্ট ও গল্পের মধ্য দিয়ে ব্যস্ত জীবনের ফাঁকে একান্ত কিছু সময় কাটানো যেতে পারে।
ঘরেই সিনেমা ডেট: বাইরে যাওয়া সম্ভব না হলে ঘরেই তৈরি করা যেতে পারে সিনেমা দেখার বিশেষ পরিবেশ। ফেয়ারি লাইট, পপকর্ন ও আরামদায়ক পরিবেশে প্রিয় সিনেমা বা সিরিজ দেখা যেতে পারে। চাইলে একসঙ্গে দেখা কোনো পুরোনো সিনেমা আবার উপভোগ করে ফিরিয়ে আনা যেতে পারে পুরোনো স্মৃতিও।
প্রথম ডেটের স্মৃতি ফিরিয়ে আনা: প্রথম দেখা বা প্রথম ডেটের স্মৃতিকে নতুন করে উদযাপন করতে পারেন। সম্ভব হলে সেই জায়গায় যাওয়া, একই ধরনের খাবার খাওয়া কিংবা প্রথম দিনের কোনো বিশেষ মুহূর্ত পুনরায় তৈরি করা সম্পর্কের পুরোনো স্মৃতিকে আরও জীবন্ত করে তুলতে পারে।
লং ড্রাইভ: খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই। শহরের বাইরে কোনো শান্ত ও মনোরম স্থানে ছোট্ট লং ড্রাইভে বেরিয়ে পড়া যেতে পারে। প্রিয় গান শুনতে শুনতে গল্প করা এবং ব্যস্ততা থেকে কিছুটা দূরে থাকা দিনটিকে করে তুলতে পারে আরও আনন্দময়। ফেরার পথে এক কাপ চা বা আইসক্রিম যোগ করতে পারে বাড়তি আনন্দ।
স্মৃতির বিশেষ আয়োজন: একসঙ্গে কাটানো প্রিয় মুহূর্তগুলোর কথা লিখে ছোট ছোট নোট তৈরি করে বাড়ির বিভিন্ন জায়গায় রাখা যেতে পারে। প্রিয় মানুষটি একে একে সেগুলো খুঁজে পাওয়ার মাধ্যমে পেতে পারেন বিশেষ চমক। সঙ্গে হাতে লেখা একটি চিঠি বা ফুলের তোড়া যোগ করলে আয়োজনটি হয়ে উঠবে আরও আন্তরিক ও হৃদয়ছোঁয়া।

