টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া খান ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী হারুনসহ স্থানীয়রা জানান, দুই দিনের ছুটি উপলক্ষে ওই দিন মহাসড়কে যাত্রীবাহী বাসে চাপ ছিল বেশি। ঢাকা থেকে মাদারগঞ্জগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেতু আক্তার (২২), তাজবীর (৮) এবং অজ্ঞাতপরিচয় আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। আহতদের মধ্যে নিহত তাজবীরের বাবা পথিক, মাদারগঞ্জের শামীম ও জিয়াউল, মেলান্দহের আনোয়ার, মধুপুরের আবু নাঈম ও হনুফাসহ অন্তত ২০ জন রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত প্রায় ১০ জনকে মধুপুর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আশঙ্কাজনক কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক এবং মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বোরহান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও জব্দের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতাহতদের স্বজনদের ভিড় বাড়তে থাকে। প্রিয়জনদের খোঁজে স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

