রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেট সংলগ্ন এলাকায় একটি ব্যাগে মোড়ানো ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে শনিবার (১ আগস্ট) দুপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোমা ডিসপোজাল ইউনিটের তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে পান, সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়। তবে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।
শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশের সদস্যরা একটি ব্যাগে মোড়ানো ককটেল বা বোমা সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা দুপুর ১টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছান। পরে বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা ও তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে পান, সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করেন। এতে নিশ্চিত হওয়া যায়, ব্যাগে কোনো বিস্ফোরক বা বোমা ছিল না।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বোমা সদৃশ ব্যাগটির ভেতর থেকে পান, সুপারি ও জর্দার কৌটা পাওয়া গেছে। সেখানে কোনো বোমা বা বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার হয়নি।
এদিকে, ঘটনার পরপরই মিরপুর মডেল থানা পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। বোমা সদৃশ বস্তুটির প্রকৃতি নিশ্চিত হওয়ার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।

