রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) ভোরে চালানো এ হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় শেভচেঙ্কিভস্কি ও সোলোমিয়ানস্কি জেলার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে এবং আটকে পড়াদের উদ্ধারে জরুরি উদ্ধার অভিযান চলছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় কিয়েভজুড়ে এক ডজনের বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আহতদের মধ্যে ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোর রয়েছে। আহত ১৫ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

