সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ ও সংক্রমণজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে।
মারা যাওয়া দুই শিশু হলো মুসা ও রাইসা। তাদের দুজনেরই বয়স ১৫ মাসের নিচে। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন আরও ৭৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৬২ জন ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে হামে মারা যাওয়া ১১৩ জনের মধ্যে ছয়জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল। অন্যদের ক্ষেত্রে হামের উপসর্গ থাকলেও তাদের বেশির ভাগের সংক্রমণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায়নি।

