সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে অরুণ দেবনাথ (৪৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (১ আগস্ট) ভোরে উপজেলার ভবানীপুর বৈঠাখালী এলাকায় মইয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুণ দেবনাথ স্থানীয় বাসিন্দা। নিখোঁজ ব্যক্তিরা হলেন পূর্ব ভবানীপুর গ্রামের অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকার একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা সেখানে যান। অনুষ্ঠান শেষে ভোরে তারা একটি ডিঙি নৌকায় করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে হাওরের মধ্যে হঠাৎ ঝড় শুরু হলে প্রবল বাতাসে নৌকাটি উল্টে যায়।
এ সময় নৌকায় থাকা অধিকাংশ পুণ্যার্থী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরে বেলা ১১টার দিকে ডুবুরি দল অভিযান চালিয়ে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করে। তবে নিখোঁজ অপর তিনজনের সন্ধান এখনও পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান চালাচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

