সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (২০ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সিলেটের গোয়াবাড়ি চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ মেসবাহ শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাবিবুল্লাহ মেসবাহ গোয়াবাড়ির কুচারপাড়ায় টিউশনি করাতে যান। রাত ৯টার দিকে টিউশন শেষে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি (নেপালি) হোস্টেলের সামনে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাকে পাশের চা-বাগানের ভেতরে নিয়ে গিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, টাকা ও মোবাইল ফোন নেওয়ার পরও দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আহত অবস্থায় তিনি স্থানীয়দের কাছে সাহায্য চান। পরে এলাকাবাসীর তাৎক্ষণিক সহযোগিতায় তিনজনের মধ্যে একজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
হাবিবুল্লাহ মেসবাহ বলেন, টিউশন শেষে ফেরার পথে তিন ছিনতাইকারী তাকে আটক করে গোয়াবাড়ি চা-বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে তারা। আহত অবস্থায় তিনি স্থানীয়দের সহায়তা চাইলে এলাকাবাসী একজনকে আটক করেন।
তিনি জানান, পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আটক ব্যক্তিকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী বলেন, জালালাবাদ থানায় গিয়ে মামলা করতে আগ্রহ প্রকাশ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বাদী হয়ে মামলা করতে বলেছে। তবে ঘটনার পর তাৎক্ষণিকভাবে মামলা করা হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আটক এক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাতেই মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

