ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (CCRTB) ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনসংলগ্ন এলাকায় ‘One Man, One Plant – Plant Today, Protect Tomorrow’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজ্ঞান ভবন (ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন) থেকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন পর্যন্ত সড়কের দুই পাশে শতাধিক রক্তকাঞ্চন ফুলের চারা রোপণ করা হয়। ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
CCRTB ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি মো. মেহেদী হাসানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি সুস্থ ও টেকসই ভবিষ্যতের প্রতীক। জলবায়ু পরিবর্তনের বর্তমান সংকটে পরিকল্পিত বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের নতুন কমিটি এমন কার্যক্রমের জন্য প্রশংসার দাবিদার।
অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পাসকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে তোলা সম্ভব। অন্যান্য ছাত্রসংগঠনও ভবিষ্যতে এ ধরনের ইতিবাচক উদ্যোগে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
CCRTB ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। CCRTB স্বাস্থ্যসেবার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা নিয়েও কাজ করে। সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এ কর্মসূচি।
তিনি আরও বলেন, শুধু চারা রোপণের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি পর্যায়ক্রমে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানেও সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

