আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার (১১ আগস্ট) প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বেলা ১১টায় এ সভা শুরু হয়। সভায় রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

