এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের কঠিন সময় যেন কাটছেই না। অভিষেক আসরে টানা তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টে প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই জয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে পুল ‘এ’-তে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দক্ষিণ কোরিয়া।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচ শেষে বাংলাদেশের গোলের ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। শেষ পর্যন্ত বাংলাদেশের জালে আটবার বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।
টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ কোরিয়া। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তারা। বাংলাদেশের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখে কোরিয়ার মেয়েরা।
এশিয়ান গেমসে এবারই প্রথমবারের মতো খেলছে বাংলাদেশের নারী হকি দল। এ বছর এশিয়ান গেমসের বাছাইপর্বে হংকংকে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিকভাবে মূল আসরে জায়গা করে নেয় বাংলাদেশ।
পুল ‘এ’-তে বাংলাদেশের সামনে এখন আরও দুটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

