দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন সম্ভব নয় উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই সমস্যা কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় লাগবে। রোববার রাজধানীতে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অতীতে সৃষ্টি হওয়া এই সংকট থেকে উত্তরণে সরকার নিরলস লড়াই করে যাচ্ছে, তবে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা রাতারাতি ৬ মাস বা ১ বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়।
বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া অর্থনীতি এগোতে পারে না উল্লেখ করে মন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করছে এবং এ বিষয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করা হচ্ছে না। তিনি জানান, গ্যাসের সংকট মেটাতে ভাসমান এলএনজি টার্মিনাল ও অনশোর (স্থলভাগ) স্টোরেজ সুবিধার সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই জানানো হবে।
বিদ্যুৎ খাতের সঞ্চালন ব্যবসস্থাকে বড় সমস্যা চিহ্নিত করে অর্থমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন হলেও সঞ্চালন ত্রুটির কারণে সঠিক সুফল মিলছে না। সরকারের কাছে যে পরিসংখ্যান আসে, বাস্তবে পরিস্থিতি তার চেয়ে ভিন্ন। তাই নীতিগত জায়গা থেকে একটি জ্বালানি ও শক্তি মিশ্রণ (এনার্জি মিক্স) চূড়ান্ত করার কাজ চলছে। এতে নবায়নযোগ্য জ্বালানি ও গ্যাসভিত্তিক বিদ্যুতের পাশাপাশি দেশে থাকা কয়লা সম্পদের ব্যবহারও খতিয়ে দেখা হচ্ছে। একটি সমন্বিত কাঠামোর মাধ্যমে আগামীতে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

