সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় করা মামলায় ১৫ জন এজাহারনামীয় আসামি রয়েছেন এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ থেকে ৪০ জনকে।
জানা গেছে, শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি করেন। তদন্তের স্বার্থে এখনো আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এমপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এমপি হামলার জন্য জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে উভয় পক্ষ। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
এদিকে, ঘটনার সার্বিক বিষয় নিয়ে রোববার বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।

