‘পুষ্পা’ খ্যাত মেগাস্টার আল্লু অর্জুনের বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবি ‘রাকা’ ঘিরে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে নতুন উন্মাদনা তৈরি হয়েছে। গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের ৪৪তম জন্মবার্ষিকীতে নেকড়ের থাবা ও ন্যাড়া মাথার রহস্যময় ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই ছবিটিকে ঘিরে কৌতুহল তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, মেগা বাজেটের এই সাই-ফাই ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথকে। নামকরা পরিচালক অ্যাটলি পরিচালিত এই আন্তর্জাতিক প্রজেক্টে উইলের অন্তর্ভুক্তির খবর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, ‘ব্যাড বয়েজ’ খ্যাত অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের সঙ্গে খলনায়কের চরিত্রের জন্য প্রায় এক বছর ধরে নির্মাতাদের আলোচনা চলছিল। অবশেষে সেই আলোচনা চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এবং ভারতের বাইরে এক বর্ণাঢ্য শিডিউলে তিনি শুটিংয়ে অংশ নেবেন। বর্তমানে তাঁর কস্টিউম ডিজাইন ও প্রয়োজনীয় তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি, ছবিটিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয়ের গুঞ্জনও সত্য হতে চলেছে। সেপ্টেম্বর মাসে নিজ ছবি ‘কিং’-এর কাজ শেষ করে বিদেশের মাটিতেই শাহ্রুখ ‘রাকা’র ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানা গেছে।
সান পিকচার্সের ব্যানারে প্রায় ৭০০ কোটি টাকা বাজেটে নির্মিত হতে যাওয়া এই বৃহৎ সাই-ফাই চলচ্চিত্রে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রশ্মিকা মন্দনা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরকে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি, তারকাদের বিশাল সমাগম এবং বিশাল বাজেটের ‘রাকা’ ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

