ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসের নিচ থেকে নিখোঁজ হাফিজুর রহমান (২৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার দুই দিন পর বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় দুর্ঘটনাকবলিত স্থানেই পানিতে মরদেহটি ভেসে ওঠে। নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭ আগস্ট) সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যাত্রীবাহী বাসে ফরিদপুর যাচ্ছিলেন হাফিজুর। পথিমধ্যে পাইকহাটি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হলেও হাফিজুর নিখোঁজ থাকেন। পরদিন মঙ্গলবার পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আশপাশে তল্লাশি চালায়। তবে সেসময় হাফিজুরের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে স্বজনরা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।
অবশেষে বুধবার সকালে স্থানীয় এক কৃষক দুর্ঘটনাস্থলে পাট জাগ দিতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে স্বজনরা এসে লাশটি হাফিজুরের বলে শনাক্ত করেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় হাফিজুর বাসের নিচে পানিতে চাপা পড়ে ছিলেন। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

