জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ট্রাইব্যুনালে দাঁড়িয়ে নিজের চরম আর্থিক সংকটের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েছেন। ঘন ঘন শুনানির তারিখ ধার্য করায় আইনজীবীর ফি পরিশোধ করতে পারছেন না বলে আদালতকে জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে শুনানি চলাকালে এই আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন আসামি রেদোয়ানুল ইসলামের পক্ষে তাঁর আইনজীবী শাহীনুর ইসলাম মামলার এক সাক্ষীকে জেরা করছিলেন।
একপর্যায়ে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলেন রেদোয়ানুল ইসলাম। অশ্রুসজল কণ্ঠে তিনি বলেন, ‘ঘন ঘন শুনানির তারিখ দেওয়া হলে আমার জন্য খুব সমস্যা তৈরি হয়, আমি আইনজীবীর ফি দিতে পারছি না। সঞ্চয় বলতে আমার তেমন কিছুই নেই। শুনানির তারিখ একটু লম্বা বিরতি দিয়ে নির্ধারণ করলে আমার জন্য ভালো হয়।’ তিনি আরও যোগ করেন, ‘বর্তমানে আমি যে সামান্য বেতন পাচ্ছি, তা দিয়ে সংসার চালানোই কঠিন। এই টাকা দিয়ে সংসার চালাব নাকি আইনজীবীর খরচ দেব, বুঝতে পারছি না।’ এ সময় বিচারক বিষয়টি নিয়ে আসামিপক্ষের আইনজীবী শাহীনুর ইসলামের বক্তব্য জানতে চান।

