টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয় পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার সুমনের ব্যক্তিগত উদ্যোগে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৬ জোড়া স্পোর্টস বুট, ১ সেট জার্সি ও ফুটবল।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আবদুর গনী, সহকারী প্রধান শিক্ষক আবদুর রশিদ খান, ক্রীড়া শিক্ষক মো. আতিকুর রহমানসহ অন্য শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। খেলাধুলার এসব সরঞ্জাম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ায় সভাপতিকে ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক বলেন, “এই উপহার কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এবং নতুন উদ্দীপনা তৈরিতে বড় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার সুমন জানান, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সুস্থ ক্রীড়া চর্চা ও মানসিক বিকাশের কোনো বিকল্প নেই। বিদ্যালয়ের ক্রীড়া ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং শিক্ষার্থীদের মাঠমুখী করতে এই সহযোগিতা প্রদান করা হয়েছে। আগামীতেও শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া খাতের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

