তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। পদত্যাগের পরপরই তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রথম প্রজ্ঞাপনে জানানো হয়, জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। উপদেষ্টা পদে বহাল থাকাকালে তিনি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, জহির উদ্দিন স্বপন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

