সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে আবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫-৬ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, গত ৭ আগস্ট এই একই মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিলেন। এক মাসের ব্যবধানে আবার মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

