রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও প্রটোকল অনুযায়ী বঙ্গভবনে উঠেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবনে প্রবেশ করেন।
বঙ্গভবনে পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তাঁর গাড়ি বহরকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবনের দাপ্তরিক কাজে যোগ দেন এবং এখন থেকে সেখানেই বসবাস করবেন।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তারও আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে আয়োজিত ভোটাভুটির মাধ্যমে তিনি নির্বাচিত হন।

