লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদরাসার দুই শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবক—ব্যবসায়ী জাকির হোসেন ও প্রবাসী এমরান হোসেন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪)। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অপরজন চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সে রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে সায়েম ও মিনহাজ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু দিন শেষে তারা আর বাড়িতে ফেরেনি। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
সন্তানদের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি প্রকাশ করে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন জানান, বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্তানদের সন্ধান না পেয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রায়পুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ পুলিশ বা পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ জানিয়েছেন তারা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় থানায় পৃথক জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
দুই শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে।

