ব্রাজিলিয়ান সিরি আ-তে জয় পেতে ব্যর্থ হয়েছে সান্তোস। ম্যাচে মাঠে একক আধিপত্য বিস্তার করা সত্ত্বেও মিরাসোলের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ক্লাবটিকে। ম্যাচে সান্তোসের পক্ষে একমাত্র গোলটির যোগানদাতা ছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার।
পুরো ম্যাচে ৯৮ বার বল স্পর্শ করে নিজের চেনা ছন্দ প্রদর্শন করেন নেইমার। তিনি প্রতিপক্ষের বক্সে সতীর্থদের জন্য ৬টি ‘কী পাস’ তৈরি করেন এবং ৭টি শট নেন, যার ৩টি ছিল লক্ষ্যভেদী। পরিসংখ্যান অনুযায়ী, তিনি ৩৭ বার সফল ড্রিবলিংয়ের মাধ্যমে ৩৩৮ মিটার বল টেনে নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখেন। তবে মিরাসোলের গোলরক্ষকের দারুণ প্রতিহত করার ক্ষমতা এবং প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তার কারণে জয়সূচক গোলের দেখা পায়নি সান্তোস।
ম্যাচের শেষভাগে লাল কার্ড দেখে মিরাসোলের একজন খেলোয়াড় মাঠ ছাড়লেও বাড়তি ৭ মিনিটের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সান্তোস। ইনজুরি থেকে ফিরে দারুণ ছন্দে থাকা নেইমার চলতি মৌসুমে ১১ ম্যাচে ৬টি গোল এবং ৩টি অ্যাসিস্ট নিয়ে চমৎকার ফর্মে থাকলেও দলকে কাঙ্ক্ষিত জয় উপহার দিতে পারেননি।

