অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর ঐতিহাসিক সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন পরিচালক ক্রিকেটারদের শুভেচ্ছা জানান এবং তাদের মিষ্টিমুখ করানো হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাকাই টেস্টে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তিনি বলেন, এটি একটি দলীয় খেলা এবং ব্যাটাররা আরও ভালো করতে পারলে দ্বিতীয় টেস্টের ফল ভিন্ন হতে পারত। তাঁর মতে, ওই ম্যাচে টসও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তালহা বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দারুণ আধিপত্য দেখিয়েছে এবং ঐতিহাসিক জয় পেয়েছে। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো বিশ্বকে একটি বড় বার্তা দিয়েছে—বাংলাদেশ যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।
অজি ব্যাটারদের দুর্বলতা চিহ্নিত করতে দলের অ্যানালিস্ট শাওনের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে টেস্ট জয়ের পর বাংলাদেশ দল দেশ-বিদেশে ব্যাপক সমর্থন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তালহা জুবায়ের।

