বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক বিসিবি পরিচালকসহ তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই শাস্তিমূলক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়।
নিষিদ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মোখলেছুর রহমান। বাকি দুজন হলেন সাবেক লিয়াঁজো অফিসার জাকির হাসান এবং বিসিবির অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবির স্বাধীন তদন্ত দল এবং অ্যান্টি-করাপশন ইউনিটের (আকু) প্রাথমিক প্রতিবেদনে ফিক্সিং সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যে বিসিবির শাস্তিমূলক ট্রাইব্যুনালের কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা নিজেদের বক্তব্য লিখিতভাবে তুলে ধরতে পারবেন তারা।

