বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির সূচনা করা হয়।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। এ সময় জেলা মৎস্যজীবী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, “খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও পুষ্টির চাহিদা মেটাতে দেশের প্রতিটি উন্মুক্ত জলাশয়ের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। ‘মাছে-ভাতে বাঙালি’র ঐতিহ্য ফিরিয়ে আনতে ঝিনাইদহের সব নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে ধারাবাহিকভাবে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

