দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, জন্মাষ্টমীর এই আনন্দ, উৎসব ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সংহতি প্রকাশ করতেই তিনি অনুষ্ঠানে এসেছেন। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আপনাদের উৎসব পালন করবেন, সরকার আপনাদের পাশে আছে।’ এ সময় তিনি ধর্ম পালনে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না, উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে জানতে চান। তাদের ইতিবাচক সাড়া পেয়ে তিনি ধর্মীয় সম্প্রীতির এই পরিবেশ বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন।
মন্ত্রী আরও বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সমাজ থেকে অপশক্তি ও অশুভ শক্তি দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কাজে সনাতন ধর্মাবলম্বীরাও পাশে থাকবেন বলে তিনি বিশ্বাস করেন।
পরে আইনমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন আছান, জেলা পরিষদ প্রশাসক মো. আব্দুল মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

